বগুড়া-৬ আসনের উপনির্বাচন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু ফজল মো. সানাউল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্বাচনী দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা শিথিলতা বরদাশত করা হবে না। কেউ দায়িত্ব পালনে গাফিলতি করলে তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। রোববার সকালে বগুড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার আরও উল্লেখ করেন, বিগত নির্বাচনগুলোতে প্রিসাইডিং কর্মকর্তাদের অসতর্কতার কারণে কিছু বিতর্ক তৈরি হয়েছিল, যা এবার কোনোভাবেই কাম্য নয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেভাবে শান্তিপূর্ণ ও সংঘাতমুক্ত হয়েছে, এই উপনির্বাচনকেও ঠিক ততটাই গুরুত্বের সঙ্গে দেখছে কমিশন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, দেশে এখনো চার শতাধিক পিস্তল নিখোঁজ রয়েছে। এই অবৈধ ও হারানো অস্ত্র যেন কোনো অশুভ উদ্দেশ্যে ব্যবহৃত হতে না পারে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























