চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, আল্লাহর ভয় যার অন্তরে নেই, তার কোনো মূল্য নেই, এমনকি তিনি আলেম, মুফতি বা পীর হলেও। মানুষ আজ আল্লাহকে ভুলে অহরহ নাফরমানি করছে। তাই তাকওয়া বা আল্লাহর ভয় অর্জনের মাধ্যমে মহান রবের সন্তুষ্টি নিয়ে কবরে যাওয়ার প্রস্তুতি নিতে হবে।
শনিবার চরমোনাই মাদরাসা প্রাঙ্গণে তিন দিনব্যাপী মাহফিলের শেষ দিনে আখেরি মোনাজাতে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নিজেকে ছোট মনে করতে হবে এবং দিল থেকে বড়ত্ব, আমিত্ব ভাব ও তাকাব্বুরি পরিত্যাগ করতে হবে। হিংসা-বিদ্বেষ ত্যাগ করে রাগের মুখে লাগাম লাগাতে হবে। সকাল-সন্ধ্যা জিকিরের মাধ্যমে কলব পরিশুদ্ধ করতে হবে এবং গিবতের মতো গুনাহ থেকে বেঁচে থাকতে হবে।
গত বুধবার বাদ জোহর মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিল শুরু হয় এবং শনিবার সকাল সাড়ে ৮টায় সমাপনী অধিবেশন ও আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়। মাহফিলটি দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজার হাজার মুসল্লির মিলনমেলায় পরিণত হয়। আখেরি মোনাজাতে চরমোনাই পীর ফিলিস্তিন, ভারত, কাশ্মীর, মিয়ানমার, সিরিয়া, ইরান, লেবাননসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের অবসান ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন। মাহফিলে আসা মুসল্লিদের মধ্যে দুজন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। এছাড়া, এবারের মাহফিলে দুজন অমুসলিম পীর শায়খে চরমোনাইয়ের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেন বলে মাহফিলের মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়ত উল্লাহ জানিয়েছেন।
রিপোর্টারের নাম 

























