জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম মন্তব্য করেছেন, এক দলকে বিদায় করে অন্য দলকে ক্ষমতার মসনদে বসানোর জন্য জুলাই বিপ্লব সংঘটিত হয়নি। বরং ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পরিবর্তনের জন্যই এই বিপ্লব হয়েছিল। শনিবার বিকেলে বায়তুল মোকাররম উত্তর গেটে আয়োজিত ১১ দলীয় ঐক্যের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন। গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি দলের অবস্থানের প্রতিবাদ এবং অবিলম্বে গণরায় বাস্তবায়নের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এটিএম আজহারুল ইসলাম বলেন, “আজকের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ পুরো মন্ত্রিসভার সদস্য এবং সংসদ সদস্যরা জুলাই বিপ্লবের কারণেই নির্বাচিত হয়েছেন। জুলাই বিপ্লব হয়েছে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পরিবর্তনের জন্য, একক ক্ষমতার জন্য নয়। সংবিধান সংস্কার করে নতুন বাংলাদেশ গঠনের প্রয়োজন।” তিনি আরও যোগ করেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও বিএনপি সহজে মেনে নেয়নি। এখনও তারা গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করছে না। জনগণের বিপক্ষে গেলে জামায়াতে ইসলামী রাজপথে নামতে বাধ্য হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, বিএনপির রাজনীতি সুবিধাবাদের ওপর নির্ভরশীল। অন্তর্বর্তীকালীন সরকারের যে অধ্যাদেশগুলো ক্ষমতা বৃদ্ধি করে, সেগুলো তাদের পছন্দনীয়, আর যে অধ্যাদেশগুলো জনগণের জবাবদিহিতা নিশ্চিত করে, তা তাদের অপছন্দনীয়। তিনি অভিযোগ করেন, নির্বাচনের সময় বিএনপি তলে তলে ‘না’ প্রচার করলেও প্রকাশ্যে বলার সাহস তাদের ছিল না।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলেও বিএনপি গণভোটকে অবৈধ দাবি করছে। সংবিধান হতে হবে জনগণের ইচ্ছার প্রতিফলন, না কোনো দলের মনগড়া সংবিধান। গণভোট মেনে জুলাই সনদ বাস্তবায়ন হলে একনায়কতন্ত্র ও দলীয়করণ বন্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে একই দিনে সংসদ নির্বাচন এবং গণভোট হয়েছে। বিএনপি সংসদে শপথ নিলেও গণভোটকে মানছে না। যারা জনগণের বিপক্ষে অবস্থান নেবে, তারা কখনো জনপ্রতিনিধি হতে পারবে না। সংবিধান সংশোধন করা সংসদের রুটিন কাজ; জুলাই বিপ্লব এবং গণভোট সংস্কারের জন্য হয়েছে।
খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের মন্তব্য করেন, গণভোট অবৈধ হলে সংসদ নির্বাচনও অবৈধ। জনগণের বিপক্ষে সরকার ফ্যাসিবাদী হিসেবে গণ্য হবে। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নায়েবে আমির মুফতি মোখলেছুর রহমান কাসেমী বলেন, যারা জনগণের ভাষা বুঝতে ব্যর্থ, তারা দেশ পরিচালনায় অযোগ্য।
রিপোর্টারের নাম 

























