আর্থিক সংকটের কারণে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি অনিশ্চিত হয়ে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাবি শাখার সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন। তিনি ওই শিক্ষার্থীর ভর্তিসংক্রান্ত সম্পূর্ণ ব্যয়ভার বহন করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।
জানা গেছে, বিজ্ঞান অনুষদভুক্ত একটি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মাস্টার্সের ছাত্রীটি পারিবারিক অসচ্ছলতা ও আর্থিক সংকটের কারণে বৃহস্পতিবার (ভর্তির শেষ দিন) ভর্তি হতে পারছিলেন না।
বিষয়টি এক সিনিয়রের মাধ্যমে জানতে পেরে দ্রুত ওই শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করেন নাছির উদ্দিন শাওন। সমস্যার বিস্তারিত জেনে তিনি তাৎক্ষণিকভাবে ভর্তি ও ফরম ফিলাপের প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করে তা শিক্ষার্থীর হাতে তুলে দেন।
উপহারপ্রাপ্ত শিক্ষার্থী তার কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমার পারিবারিক অসচ্ছলতার কারণে ভর্তি হতে পারছিলাম না। আজই ছিল শেষ দিন। পরে বাধ্য হয়ে এক সিনিয়র ভাইকে জানাই। তার মাধ্যমেই শাওন ভাই বিষয়টি জেনে দ্রুত ব্যবস্থা করেন।”
নাছির উদ্দিন শাওন এই প্রসঙ্গে বলেন, “একজন সাধারণ শিক্ষার্থীর সংকটে পাশে দাঁড়ানো কোনো কৃতিত্ব নয়, এটি আমার দায়িত্ব। আমি মেনে নিতে পারি না যে অর্থের অভাবে কারও শিক্ষাজীবন থেমে যাবে। ভবিষ্যতে আল্লাহ যদি সামর্থ্য দেন, তবে সরকারের সহযোগিতায় আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তিসহ বিভিন্ন সুযোগ বৃদ্ধির চেষ্টা করব।” তিনি আরও যোগ করেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই একটি শিক্ষার্থীবান্ধব ও মানবিক ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব।
রিপোর্টারের নাম 

























