জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্প অনুমোদন করেছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয় মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে তিনটি নতুন এবং দুটি সংশোধিত।
প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৪ হাজার ৫৩৬ কোটি ১০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ টাকা। সভায় অর্থমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, শিল্পমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, পানিসম্পদ মন্ত্রী, পরিকল্পনা প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজকের সভায় অনুমোদিত পাঁচটি প্রকল্প হলো: প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘Supporting Infrastructure Project for Chinese Economic and Industrial Zone’ প্রকল্প। পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে তিনটি প্রকল্প হলো— ‘ফেনী জেলাধীন মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’, ‘করতোয়া নদী সিস্টেম উন্নয়ন’ প্রকল্প এবং ‘পদ্মা নদীর ভাঙন থেকে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন তালবাড়িয়া এবং কুমারখালী উপজেলাধীন শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকা রক্ষা (১ম সংশোধন)’ প্রকল্প। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ‘১০০টি উপজেলায় ১টি (এক) করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন (৩য় সংশোধিত)’ প্রকল্পও অনুমোদন করা হয়েছে।
সভায় মাননীয় পরিকল্পনামন্ত্রী কর্তৃক ইতিমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সংবলিত চারটি প্রকল্প সম্পর্কেও একনেক সভায় অবহিত করা হয়। এগুলো হলো— বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারে বিমানসেনা ব্যারাক কমপ্লেক্স নির্মাণ প্রকল্প, নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ সাভার স্থাপন প্রকল্প, বাংলাদেশ বিমান বাহিনী স্টেশন শমসেরনগর বিদ্যমান বিএএফ শাহীন কলেজের শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষাদান সক্ষমতা বৃদ্ধির জন্য ভৌত অবকাঠামো নির্মাণ প্রকল্প, এবং ‘কক্সবাজার বিমানবন্দর রানওয়ে সম্প্রসারণ’ প্রকল্প।
রিপোর্টারের নাম 





















