ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ছয়জন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দাউদকান্দির চান্দিনা, নিমসা ও চৌদ্দগ্রাম এলাকায় এই দুর্ঘটনাগুলো ঘটে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বারোপাড়া এলাকায় একটি অজ্ঞাতনামা বাস একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আব্দুল বারেক (৫৩) ও মোস্তফা (৫২) নামের দুই ব্যক্তি নিহত হন। তারা কুমিল্লার দাউদকান্দি উপজেলার সরকারপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
এছাড়া, ঢাকাগামী লেনে বুড়িচংয়ের নিমসার বাজার সংলগ্ন ইউ-টার্নে আরেকটি দুর্ঘটনায় তিনজন নিহত হন। নিহতরা হলেন— বেগমগঞ্জ থানার লালপুর গ্রামের জহিরুল ইসলাম (২৭), মেহেরপুর জেলার মেহেরপুর সদর উপজেলার কেশবপুর গ্রামের সোহেল রানা (৩৫) এবং চান্দিনা এলাকার বড় গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র তাইম। অপরদিকে, চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে একটি বাসচাপায় আরও একজনের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
দাউদকান্দি আমিরাবাদ হাইওয়ে পুলিশের ইনচার্জ ইকবাল বাহার মজুমদার জানিয়েছেন, একটি বেপরোয়া বাস দাউদকান্দি এলাকায় সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে দুজন প্রাণ হারান। ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল মমিন নিশ্চিত করেছেন যে, বুড়িচং নিমসার এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।
রিপোর্টারের নাম 






















