যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রাস্তা পারাপারের সময় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিশাত জান্নাত (১৯) নামে এক বাংলাদেশি তরুণীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার রাত ১২টার দিকে জ্যাকসন হাইটসের কাছে উডসাইড এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত নিশাত নিউইয়র্ক সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি জ্যামাইকার পারসন্স বুলেভার্ডে একটি পার্কিং গ্যারেজে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি ময়লার ট্রাকের ধাক্কায় নিশাত ঘটনাস্থলেই নিহত হন। ট্রাকটি রুজভেল্ট অ্যাভিনিউ ধরে পশ্চিমমুখী যাচ্ছিল এবং ৬২ স্ট্রিটের উত্তরমুখী লেইনে ডান দিকে মোড় নেওয়ার সময় তরুণীটিকে চাপা দেয়। ঘটনাস্থলে জরুরি চিকিৎসাসেবা (ইএমএস) কর্মীরা তাকে মৃত ঘোষণা করেন।
নিশাতের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তিনি তার চার ও নয় বছর বয়সী দুই ছোট বোন এবং বড় বোন নওশিন জান্নাতকে রেখে গেছেন। নওশিন বলেন, ‘আমার বোন খুব আশাবাদী ছিল। সবার সঙ্গে হাসিমুখে কথা বলত এবং আল্লাহর উপর ভরসা রাখতে বলত।’
নিশাতদের গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জে। তার বাবা হেলাল উদ্দিন বর্তমানে নিউইয়র্কের উডসাইডে বায়তুল জান্নাহ মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জানান, সুন্দর ভবিষ্যতের আশায় আট বছর আগে নিশাত নিউইয়র্কে এসেছিলেন। চার কন্যার মধ্যে নিশাত ছিলেন দ্বিতীয়। সিটি কলেজ অব নিউ ইয়র্কে পড়াশোনার পাশাপাশি তিনি কাজ করছিলেন।
হেলাল উদ্দিন আরও জানান, আগামী মঙ্গলবার বাদ জোহর বায়তুল জান্নাহ মসজিদেই নিশাতের জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপর তাকে নিউইয়র্কেই দাফন করা হবে।
দুর্ঘটনার পর ট্রাকের চালক ৩৮ বছর বয়সী এক নারী ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন এবং সামান্য আঘাতের জন্য তিনি চিকিৎসা নিয়েছেন। এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। নিউইয়র্ক পুলিশের হাইওয়ে ডিস্ট্রিক্টের কলিশন ইনভেস্টিগেশন স্কোয়াড ঘটনাটি তদন্ত করছে।
ট্রাকটির মালিক কোম্পানি রয়্যাল ওয়েস্ট সার্ভিসেস এক বিবৃতিতে জানিয়েছে, তারা তদন্তে পুলিশকে পূর্ণ সহযোগিতা করছে। প্রতিষ্ঠানটির মূল কোম্পানি ওয়েস্ট কানেকশন্সের এক মুখপাত্র বলেন, কুইন্সে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় তারা গভীরভাবে শোকাহত এবং নিহত তরুণীর পরিবার ও স্বজনদের প্রতি তাদের গভীর সমবেদনা জানিয়েছেন।
রিপোর্টারের নাম 

























