ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) আসন্ন নির্বাচন ২০২৬-২০২৭ মেয়াদের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ ও ৩০ এপ্রিল এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঢাকা আইনজীবী সমিতির মূল ভবনের নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৫, ৬ ও ৭ এপ্রিল মনোনয়নপত্র বিতরণ, দাখিল এবং গ্রহণের দিন ধার্য করা হয়েছে। মনোনয়নপত্র বাছাইয়ের জন্য ৮ এপ্রিল এবং বৈধ তালিকা প্রকাশের জন্য ৯ এপ্রিল দিন নির্ধারণ করা হয়েছে। প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং চূড়ান্ত তালিকা প্রকাশের জন্য ১২ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। এছাড়া, প্রার্থীদের পরিচিতি সভার জন্য ২৬ এপ্রিল দিন ধার্য করা হয়েছে।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৪-২৫ মেয়াদে সর্বশেষ ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২১টি পদে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা জয়লাভ করেছিলেন। তবে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকা আইনজীবী সমিতির নির্বাচিত সদস্যরা আদালতে আসা বন্ধ করে দেন, যার ফলে সমিতির সকল কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়। এই পরিস্থিতিতে, গত বছরের ১৩ আগস্ট বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীরা একটি অ্যাডহক কমিটি গঠন করেন এবং বর্তমানে তারাই ঢাকা বারের দায়িত্ব পালন করছেন।
রিপোর্টারের নাম 

























