শনিবার ভোরে দক্ষিণ ইসরায়েল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে লড়াইয়ের ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। এই ঘটনার প্রেক্ষিতে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলে সর্বোচ্চ সতর্কতা বা ‘অ্যালার্ট’ জারি করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নৌ মিশন। ইরান ও ইসরাইলের মধ্যকার সংঘাতে সরাসরি যুদ্ধে যোগ দিল ইয়েমেনের এই গোষ্ঠী।
লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের তৎপরতা এবং ইরানের প্রতি তাদের সমর্থনের পরিস্থিতিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইউরোপীয় নৌ মিশন। আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তার স্বার্থে মিশনটি বিশেষ নির্দেশনা জারি করেছে। জাহাজগুলোকে নিবন্ধনের মাধ্যমে সামুদ্রিক নিরাপত্তা চ্যানেলের সহায়তা নিতে বলা হয়েছে এবং নৌ মিশন সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। আন্তর্জাতিক জলপথে নিরাপদ ও অবাধ নৌ চলাচল নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।
যুদ্ধ শুরুর দুই মাসের মধ্যে সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করল হুথি বিদ্রোহীরা। শনিবার ভোরে এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে যে দক্ষিণ ইসরাইলকে লক্ষ্য করে একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যা ইয়েমেন থেকে প্রথম সরাসরি আক্রমণ। তবে এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এর আগে হুথির একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল যদি তাদের ওপর হামলা বৃদ্ধি করে, তবে তারা ইরানের সমর্থনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। লোহিত সাগর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হওয়ায় ইইউ-র এই হাই-অ্যালার্ট জারির ফলে বিশ্ববাজারে জ্বালানি তেল ও পণ্য পরিবহনে অস্থিরতা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 





















