ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামে পেঁয়াজের ক্ষেতে কাজ করার সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে। একই ঘটনায় আরও চারজন কৃষক আহত হয়েছেন।
নিহত কৃষকরা হলেন খড়িবাড়িয়া গ্রামের প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস (২০) এবং লক্ষীপুর গ্রামের সুশীল বিশ্বাসের ছেলে সমির বিশ্বাস (৪০)। আহতদের মধ্যে রনজিত বিশ্বাস ও প্রকাশ বিশ্বাসসহ আরও দুইজন রয়েছেন।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে কৃষকরা মাঠে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং চারজন আহত হন। খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত কর্মকর্তা ডা. এহতেশাম শহীদ জানান, বজ্রপাতে নিহত ও আহতদের শরীর মারাত্মকভাবে ঝলসে গেছে।
রিপোর্টারের নাম 

























