ভাষাসৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সাবেক সংসদ সদস্য আমেনা আহমেদ আর নেই (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৮ মার্চ) সকাল ১১টায় রাজধানীর এভার গ্রীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রয়াত আমেনা আহমেদ ছিলেন ন্যাপ প্রধান, সাবেক সংসদ সদস্য ও গুণী শিক্ষাবিদ অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিণী। তিনি মুক্তিযুদ্ধ চলাকালে প্রবাসী সরকারের উপদেষ্টা এবং ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়ন কর্তৃক গঠিত বিশেষ গেরিলা বাহিনীর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন।
ছাত্রজীবনে তিনি ইডেন কলেজে অধ্যয়নকালে বায়ান্নর ভাষা আন্দোলনে রাজপথের একজন সক্রিয় সদস্য ছিলেন। একইসাথে তিনি ছাত্র ইউনিয়নের একজন প্রভাবশালী নেত্রী এবং ইডেন কলেজ ছাত্র সংসদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে তিনি ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। আমেনা আহমেদ ন্যাপ কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যুতে ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়নসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতিও তারা সমবেদনা জানিয়েছেন। মৃত্যুকালে তিনি একমাত্র কন্যা, ন্যাপ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি আইভি রহমান, রাজনৈতিক সহযোদ্ধা ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
রিপোর্টারের নাম 

























