পাবনার চাটমোহরে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছেন এক পুলিশ সদস্য। শনিবার সকালে সংঘটিত এই দুর্ঘটনায় আহত সোহেল রানা (৪০) বাংলাদেশ রেলওয়ে পুলিশের (জিআরপি) সদস্য এবং দিনাজপুর জেলার বিরল উপজেলার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকাল ৭টার দিকে পঞ্চগড়-ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর একতা এক্সপ্রেস (৭০৬) ট্রেনটি চাটমোহর রেলস্টেশনের ২ নম্বর লাইন অতিক্রম করছিল। এ সময় ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে থাকা সোহেল আকস্মিকভাবে ছিটকে নিচে পড়ে যান। তাৎক্ষণিকভাবে স্টেশন মাস্টার ও অন্যান্য পুলিশ সদস্যরা তাঁকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান।
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার হুমায়ুন কবির জানান, আহত পুলিশ সদস্যের মাথায় ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর শারীরিক অবস্থা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে।
চাটমোহর রেলওয়ে স্টেশন মাস্টার জহুরুল ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী, ট্রেন ক্রসিংয়ের কারণে একতা এক্সপ্রেসটি মুলাডুলি স্টেশনে একটি অনির্ধারিত যাত্রাবিরতি করেছিল। ওই সময় সোহেল রানা ট্রেন থেকে নেমেছিলেন। ট্রেনটি আবার ছেড়ে দিলে তিনি দৌড়ে এসে উঠতে চেষ্টা করেন। তবে ট্রেনের দরজা বন্ধ থাকায় তিনি হ্যান্ডেল ধরে ঝুলে ছিলেন। চাটমোহরে পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ছিটকে পড়ে আহত হন।
রিপোর্টারের নাম 

























