গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় এক ভাড়াটিয়া নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের পার আমলাগাছী এলাকার একটি বসতবাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। এই চাঞ্চল্যকর ঘটনার সঙ্গে ঘটনাস্থলের পাশেই একটি খণ্ডিত পুরুষাঙ্গও পাওয়া গেছে, যা এলাকায় ব্যাপক আতঙ্ক ও প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
নিহত নারীর নাম কবিতা বেগম (২৫)। তিনি সাদুল্লাপুর উপজেলার গোপালপুর গ্রামের বকু মিয়ার মেয়ে। জানা যায়, কবিতা বেগম কিছুদিন ধরে ঢোলভাঙ্গা বাজারসংলগ্ন পার আমলাগাছী গ্রামের মোস্তাফিজার রহমানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। স্থানীয়রা সকালে ঘরের ভেতরে বিছানার ওপর কবিতা বেগমের গলাকাটা লাশ দেখতে পান এবং একই সময়ে বাড়ির উঠানে খণ্ডিত পুরুষাঙ্গ পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে অবহিত করেন।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরওয়ার আলম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ ও খণ্ডিত পুরুষাঙ্গ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে ক্রাইম সিন তদন্ত শুরু করা হয়েছে এবং পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
রিপোর্টারের নাম 

























