নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় একটি ধানক্ষেত থেকে মমিনুর রহমান ওরফে মহাবীর (১৬) নামের এক কিশোর ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার কাঁঠালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে হামিদুল মেম্বারের বাড়ির পাশে ধানক্ষেতে এই মরদেহটি পাওয়া যায়। নিহত মমিনুর উপজেলার বগুলাগাড়ী ডাঙ্গাপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত মমিনুর তার বাবার ভ্যান (অটোরিকশা) নিয়ে গত শুক্রবার বিকালে জলঢাকার উদ্দেশ্যে বের হয়েছিলেন। কিন্তু সারারাত বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন ছিলেন। শনিবার সকালে থানায় একটি লাশ উদ্ধারের খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে গিয়ে মমিনুরের মরদেহ শনাক্ত করেন।
কিশোর মহাবীরকে কেন হত্যা করা হয়েছে, তার কারণ এখনো জানা যায়নি। জলঢাকা থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল আলম জানিয়েছেন, ঘটনার কারণ উদঘাটনে পুলিশ নিবিড়ভাবে কাজ করছে। এ বিষয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হবে।
রিপোর্টারের নাম 

























