বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল বলেছেন, বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে নতুন নতুন উদ্যোগ গ্রহণের পরিকল্পনা করছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের আরও উন্নত জীবনমান ও সম্মান নিশ্চিত করার বিষয়ে চিন্তাভাবনা করছেন। তিনি স্মরণ করিয়ে দেন যে, কেবল বর্তমান সরকারই নয়, অতীতে বিএনপি সরকারও সাংবাদিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঢাকায় সাংবাদিকদের জন্য আবাসন ব্যবস্থার সূচনা করেছিলেন এবং পরবর্তীতে প্রয়াত বেগম খালেদা জিয়াও এই ধারা অব্যাহত রেখেছিলেন।
শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের মধ্যে আর্থিক অনুদান ও তাদের সন্তানদের জন্য বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জাতীয় প্রেস ক্লাবের ভবন জিয়াউর রহমানের উদ্যোগে নির্মিত হয়েছিল এবং জাতীয় প্রেস ক্লাবের প্রতিটি জমির সাফ কবলা বেগম খালেদা জিয়া করে দিয়েছিলেন। তাঁর উদ্যোগেই সাড়ে ২২ বিঘা জমির উপর সাংবাদিকদের দ্বিতীয় আবাসন ব্যবস্থা পল্লবীতে গড়ে উঠেছিল, যা বর্তমানেও চলমান রয়েছে।
সরকারকে সাংবাদিকবান্ধব আখ্যায়িত করে বাছির জামাল বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে নানা উদ্যোগ নিচ্ছে। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন যে, সাংবাদিকদের শুধু আর্থিক অনুদান নয়, প্রবীণ সাংবাদিকদের জন্য পেনশনের ব্যবস্থাও করার চিন্তাভাবনা চলছে। এছাড়াও, অসুস্থ সাংবাদিকদের জন্য হেলথ কার্ড প্রদানের বিষয়টিও বিবেচনাধীন রয়েছে। এই ধরনের বিভিন্ন কর্মসূচি গ্রহণের মাধ্যমে সাংবাদিকদের জীবনমান উন্নত করার প্রচেষ্টা চলছে। তিনি আশা প্রকাশ করেন যে, সাংবাদিকদের উন্নয়নে ও জীবনযাত্রার মান উন্নয়নে সরকার প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি আরও বলেন, সরকার ভোটারদের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়ন করছে। এর মধ্যে রয়েছে পরিবার কার্ড প্রদান, কৃষক কার্ড প্রদানের উদ্যোগ, ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতা প্রদান এবং সারাদেশে খাল খনন কর্মসূচি শুরু করা। প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের সম্মানিত করার বিষয়েও গুরুত্ব দিচ্ছেন। ভবিষ্যতেও সাংবাদিকদের সন্তান ও পরিবারের কল্যাণে এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি জানান।
রিপোর্টারের নাম 
























