সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেছেন, আমি হাওরের সন্তান এবং এই অঞ্চলের সমস্যাগুলো আমার নখদর্পণে। হাওর রক্ষা বাঁধ নির্মাণে ব্যাপক দুর্নীতি হচ্ছে এবং পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) সদস্যদের বিরুদ্ধে টাকা নিয়ে কাজ বিক্রির অভিযোগ উঠেছে। কৃষকদের এই অভিযোগগুলো অত্যন্ত গুরুতর এবং তা বরদাস্ত করা হবে না।
তিনি পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রকৌশলী মনির হোসেনকে উদ্দেশ্য করে প্রশ্ন তোলেন, আপনি কি টাকা নেন? তিনি নিজের তাহিরপুর উপজেলার চেয়ারম্যান থাকাকালীন সময়ের অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, আমি জানি ফসল রক্ষা বাঁধের চেক ইউএনও ছাড় দিলেও আপনারা টাকার পরিমাণ নির্ধারণ করে দেন। এই ধরনের অনিয়ম আর সহ্য করা হবে না। ভবিষ্যতে সতর্ক হয়ে যান, নতুবা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে।
এমপি কামরুল আরও অভিযোগ করেন যে, এই উপজেলায় টাকা দিয়ে কাজ করতে আসতে হয়। এখন আপনাদের টাকা দিয়ে বদলি হতে হবে। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, তিনি কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না এবং দুর্নীতি রুখে দিতে তিনি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ।
শুক্রবার দুপুরে তাহিরপুর উপজেলার আলমখালী বাঁধ পরিদর্শনে গিয়ে কৃষকদের কাছ থেকে এসব অভিযোগ শোনার পর তিনি এসব কথা বলেন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 






















