চাঁদপুরের হাজীগঞ্জে সাপের কামড়ে তাছলিমা বেগম (২৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তাছলিমা উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের দক্ষিণ রাজারগাঁও গ্রামের ইউসুফ খানের স্ত্রী এবং দুই সন্তানের জননী ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে ঘর থেকে বের হয়ে ওয়াশরুমে যাওয়ার সময় তাছলিমা পায়ে কামড়ের তীব্র যন্ত্রণা অনুভব করেন। ঘরে ফিরে রক্ত দেখতে পেয়ে চিৎকার করলে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। নিহতের স্বামী ইউসুফ খান জানান, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে অ্যান্টিভেনম ইনজেকশন দেন, কিন্তু এর ২০ মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, এ বছর জেলায় সাপের কামড়ে এ পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে এবং বিভিন্ন উপজেলায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। চিকিৎসকরা ঘরবাড়ি ও ঝোপঝাড় পরিষ্কার রাখা, রাতে মশারি ব্যবহার করা এবং সাপে কাটলে ওঝার কাছে না গিয়ে দ্রুত নিকটস্থ হাসপাতালে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
রিপোর্টারের নাম 

























