সুনামগঞ্জে জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানোর ঘটনায় দুই আইনজীবীকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাতে নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য মনিষ কান্তি দে মিন্টু এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য এডভোকেট শামীম আহমেদ। এই ঘটনাকে কেন্দ্র করে রাতেই সন্ত্রাসবিরোধী আইনে ২৭ আইনজীবীকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং সেই সংগঠনের নেতারা স্মৃতিসৌধে স্লোগান দিয়েছেন। তাই যারা স্লোগান দিয়েছেন, তাদের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে। এজাহারে ২৭ জন আইনজীবীর নাম উল্লেখ করা হয়েছে এবং মামলার বাদী হলেন সুনামগঞ্জ কোর্টের উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল হক।
ঘটনার বিবরণে জানা যায়, স্বাধীনতা দিবসে সকাল ১১টায় সুনামগঞ্জ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যরা আদালত চত্বরের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেন। স্মৃতিসৌধে তখন অন্য কোনো সংগঠন উপস্থিত ছিল না। মিছিলে ২৩ থেকে ৩০ জন আইনজীবী অংশ নিয়েছিলেন, যার মধ্যে জেলা আওয়ামী লীগের কয়েকজন পদধারী নেতাও ছিলেন। পরে এই স্লোগানের ভিডিও ও ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে।
রিপোর্টারের নাম 






















