শেরপুর শহরের একটি আবাসিক ভবনের নিচতলায় অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুত করার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার গভীর রাতে শহরের গোপালবাড়ী এলাকায় মেসার্স শিমলা ট্রেডার্সের গুদামে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।
আদালত সূত্রে জানা গেছে, ওই ভবনের নিচতলায় একটি বড় ট্যাংক তৈরি করে প্রায় ১৮ হাজার লিটার ডিজেল মজুত করে ব্যবসা চালিয়ে আসছিলেন তাপস নন্দী ও শফিকুল ইসলাম নামের দুই ব্যবসায়ী। জনবসতিপূর্ণ এলাকায় কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা বা পরিবেশগত ছাড়পত্র ছাড়াই এই বিপজ্জনক দাহ্য পদার্থ মজুত করায় তাপস নন্দীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, আবাসিক ভবনের নিচে এমন দাহ্য পদার্থের মজুত জননিরাপত্তার জন্য চরম হুমকি। তাই জরিমানার পাশাপাশি শুক্রবারের মধ্যে সমস্ত তেল ও মজুত করার সরঞ্জাম সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
রিপোর্টারের নাম 






















