বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শরিফুল আলম জিন্নাহকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি হিসেবে তাকে রাজধানীর রমনা এলাকা থেকে আটক করা হয়।
বগুড়া জেলা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেট্রোপলিটন এলাকার রমনা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বগুড়া জেলা জাতীয় পার্টির সভাপতি জিন্নাহকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ডিবি পুলিশের একটি দল।
শরিফুল আলম জিন্নাহ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে। পুলিশি তথ্য অনুযায়ী, সাবেক এই সাংসদের বিরুদ্ধে হত্যা ও বিষ্ফোরক দ্রব্য আইনসহ বর্তমানে মোট ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। শুক্রবার দুপুরে তাকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করার কথা রয়েছে।
রিপোর্টারের নাম 
























