পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেট কিংবদন্তি ইমরান খান কারাবন্দী অবস্থাতেও নিজের আদর্শে অবিচল রয়েছেন। সম্প্রতি তার দুই ছেলে, সুলাইমান ইমরান ও কাসিম খান, সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল অ্যাথারটনের সাথে কথা বলেছেন। সেই আলোচনায় তারা ইমরানের বর্তমান অবস্থা এবং তার হার না মানা মানসিকতার কথা তুলে ধরেন। তারা জানিয়েছেন, ইমরান খান কোনো আপস করবেন না এবং প্রয়োজনে জেলেই মৃত্যুবরণ করতে প্রস্তুত।
ব্রিটিশ পত্রিকা ‘দ্য টাইমস’-এর একটি কলামে অ্যাথারটন এই বিষয়গুলো উল্লেখ করেছেন। চলতি বছরের জানুয়ারির পর গত শনিবার প্রথমবার টেলিফোনে বাবার সঙ্গে কথা বলার সুযোগ পান ইমরান খানের দুই ছেলে। ৭৩ বছর বয়সী ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি মারাত্মকভাবে কমে গেলেও, তিনি ২৮ মিনিটের ফোনালাপে এই শারীরিক কষ্টকে হাসির ছলে উড়িয়ে দিয়েছেন বলে জানা গেছে। ছোট ছেলে কাসিম জানান, কর্তৃপক্ষ সেলে বিদ্যুৎ বন্ধ রাখা বা বই পড়তে না দেওয়ার মতো কৌশল নিলেও, এগুলো তার বাবাকে আরও আধ্যাত্মিক ও মানসিকভাবে শক্তিশালী করেছে। তিনি এখন নিয়মিত মেডিটেশনের মাধ্যমে নিজেকে শান্ত রাখছেন।
বড় ছেলে সুলাইমান তার বাবার আপসহীন মনোভাবের কথা উল্লেখ করে বলেন, তিনি প্রকাশ্যেই বলেছেন যে, নিজের নীতি থেকে সরে আসার চেয়ে জেলে মরে যেতেও তিনি রাজি। সুলাইমান বলেন, ছোটবেলায় তিনি চাইতেন তার বাবা রাজনীতি ছেড়ে ক্রিকেট বিশ্লেষক হোন, কিন্তু এখন তিনি বোঝেন যে, বড় কোনো ঝুঁকি বা প্রভাব রাখা ছাড়া তার বাবা হয়তো সুখী হতে পারতেন না।
ছেলেরা আরও জানান যে, নিজের কষ্টের চেয়ে স্ত্রী বুশরা বিবির কারাবাস নিয়ে ইমরান খান বেশি চিন্তিত। ইমরান তার ছেলেদের বলেন, ‘কর্তৃপক্ষ জানে যে, তারা আমাকে ভাঙতে পারবে না, আমি সবকিছু সামলাতে পারি। তবে যখন পরিবারের ওপর আঘাত আসে, তখন এটি কঠিন হয়ে পড়ে।’
রিপোর্টারের নাম 























