যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদা বা টিপিএস (TPS) নিয়ে বসবাসরত অভিবাসীদের নিয়ে কঠোর অবস্থান ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, যারা এই সুবিধার আওতায় আছেন তাদের হয় বৈধভাবে স্থায়ী বসবাসের অনুমতি নিতে হবে, অন্যথায় নিজ দেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে হবে।
মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা বিষয়ক মন্ত্রী মার্কওয়েন মুলিন এক সাক্ষাৎকারে জানান, টিপিএস কোনো স্থায়ী অভিবাসন ব্যবস্থা নয়। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক রায়ের পর প্রশাসন হাইতি ও সিরিয়ার নাগরিকদের অস্থায়ী সুরক্ষা মর্যাদা প্রত্যাহারের পথে এগোচ্ছে। যারা স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে চাইবেন, তাদের বিমান ভাড়ার পাশাপাশি নতুন করে জীবন শুরু করতে প্রায় ২ হাজার ১০০ ডলার আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে প্রশাসন।
মার্কিন আইন অনুযায়ী, নিজ দেশে যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগের কারণে সংকটে পড়া বিদেশি নাগরিকদের সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি দেওয়া হয়। তবে বর্তমান প্রশাসন এই মেয়াদের ইতি টানতে চায়। মুলিন বলেন, যারা নিয়ম মেনে স্থায়ী বসবাসের শর্ত পূরণ করতে পারবেন না, তাদের ফিরে যাওয়াই হবে একমাত্র বিকল্প।
উল্লেখ্য, ২০১০ সালের ভূমিকম্পের পর হাইতি এবং ২০১২ সালে গৃহযুদ্ধ শুরুর পর সিরিয়ার নাগরিকদের জন্য এই সুবিধা চালু করা হয়েছিল। তবে বর্তমানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ওই দেশগুলোকে ভ্রমণের জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করলেও, অভ্যন্তরীণ অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তনের অংশ হিসেবে এই কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
রিপোর্টারের নাম 























