নরসিংদীর রায়পুরায় মাদকবিরোধী কর্মকাণ্ডের জেরে একদল মাদকসেবী ও তাদের সহযোগীদের অতর্কিত হামলায় নাহিদ হাসান (২০) নামে এক তরুণ ইমাম গুরুতর আহত হয়েছেন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনা এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি করেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের সিরাজনগর নয়াচর গ্রামে। আহত ইমাম নাহিদ হাসান ওই এলাকার জাকির হোসেনের ছেলে এবং সিরাজনগর নামাপাড়া পাঞ্জেগানা জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন।
আহত ইমামের পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার কিছু বখাটে যুবক মাদক সেবন করে আসছিল এবং এ বিষয়ে ইমাম নাহিদ হাসান প্রতিবাদ জানিয়ে আসছিলেন। বৃহস্পতিবার সকালে বোনকে সঙ্গে নিয়ে ওষুধ কিনতে বাজারে যাওয়ার পথে কয়েকজন মাদকাসক্ত যুবক ছুরি, চাপাতি ও চেইনসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইমামের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি রক্তাক্ত জখম হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় এলাকার সুলাইমান, সিয়াম, প্রান্ত, সাগর, মারুফ, সোহানসহ ১০-১২ জনের বিরুদ্ধে অভিযোগ এনেছেন ইমামের স্বজনেরা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় লিখিত অভিযোগ জানানোর প্রস্তুতি চলছে।
এ বিষয়ে রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে। থানায় লিখিত অভিযোগ জমা পড়ার আগেই আমরা কয়েকজনের নাম জানতে পেরেছি এবং তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।
রিপোর্টারের নাম 

























