রাজধানীর কামরাঙ্গীচরে সাংসারিক কলহের জেরে কিটনাশক পান করে শিল্পী বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়। একপর্যায়ে শিল্পী বেগম ঘরে থাকা ছারপোকা মারার ওষুধ (কিটনাশক) পান করেন বলে অভিযোগ রয়েছে। প্রথমে পরিবারের কেউ বিষয়টি বুঝতে না পারলেও কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ৯টার দিকে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
মৃতার স্বামী মো. বাদল জানান, পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল এবং এরপর তার স্ত্রী কিটনাশক পান করেন। বিষয়টি বুঝতে পেরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে বাঁচাতে পারেননি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, শিল্পী বেগম দুই ছেলে ও এক মেয়ের জননী। তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কাইজ্জার চর গ্রামে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং প্রয়োজনে পরিবারের সদস্যদের বক্তব্য, ঘটনার পারিপার্শ্বিকতা ও অন্যান্য তথ্য-উপাত্ত যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 


















