বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সাংঘর্ষিক কোনো শক্তিকে আর ক্ষমতায় আসতে দেওয়া হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘রক্তের বিনিময়ে অর্জিত এই পবিত্র ভূমিতে নতুন করে কোনো স্বৈরাচার ও জুলুমবাজের স্থান হবে না।’
বৃহস্পতিবার সিলেটের কানাইঘাটে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং নাগরিক অধিকার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি হবিগঞ্জে একজন কলেজ শিক্ষার্থীর উপর হামলার ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় উল্লেখ করে বলেন, ‘প্রিয় তারেক রহমান, আপনি দেশে এসে যে পরিকল্পনার কথা বলেছিলেন, তার প্রতিফলন কি একজন কলেজ শিক্ষার্থীর চোখ নষ্ট হওয়ার ঘটনার মাধ্যমে প্রকাশিত হবে? বিগত শেখ হাসিনা সরকার শত শত মানুষের চোখ নষ্ট করে আজ নির্বাসিত। নতুন বাংলাদেশে আরেকজনের চোখ নষ্ট করে জনগণকে কী বার্তা দিতে চান?’ তিনি স্পষ্ট করে বলেন, ‘সেই কিশোরের চোখ ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, তবে এই ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বলেন, ‘আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধা করি, বেগম খালেদা জিয়াকেও শ্রদ্ধা করি। কিন্তু তাদের ছবি ব্যবহার করে কেউ যদি সন্ত্রাস, জমি দখল বা চাঁদাবাজির মতো অন্যায় কাজ করে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’ তিনি বিগত আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে বলেন, ‘গত ১৬ বছর ধরে বঙ্গবন্ধুর নামে রাজনৈতিক ব্যবসা চলেছে। এখন আমরা জিয়াউর রহমানের নামেও কোনো ধরনের রাজনৈতিক ব্যবসা হতে দেব না। সন্ত্রাস বন্ধ করতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে। পাশাপাশি কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা, রাষ্ট্র সংস্কার এবং ন্যায়বিচার নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য।’
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমরা ইতোমধ্যে স্থানীয় সরকার নির্বাচনের একটি নমুনা দেখতে পাচ্ছি। সন্ত্রাসী ও লাঠিয়াল বাহিনী ব্যবহার করে ভোট কারচুপির চেষ্টা হতে পারে। জাতীয় নির্বাচনের মতো ইঞ্জিনিয়ারিং স্থানীয় সরকার নির্বাচনে হতে দেওয়া হবে না।’ তিনি আরও বলেন, ‘আগামী স্থানীয় সরকার নির্বাচনে জনগণ যেন স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। জনগণের পক্ষে এবং যোগ্য প্রার্থীর পক্ষে দাঁড়াতে হবে। এনসিপি এবং শাপলাকলি প্রতীকের প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।’
কানাইঘাটবাসীর উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনেও যদি জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন হয়, তবে তা হবে আমাদের অস্তিত্বের সংকট। তাই এই নির্বাচনে আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে এবং যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে হবে।’
রিপোর্টারের নাম 


















