দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ভবিষ্যতে কোনো ব্যক্তি আনসার সদস্যদের ওপর বলপ্রয়োগ করলে বা ফৌজদারি অপরাধে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবার মানোন্নয়ন, আইসিইউ বেড বৃদ্ধি, সিসিটিভি স্থাপন, নিরাপত্তা জোরদার এবং দালালচক্র নির্মূলে একাধিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার পাঁচ দিনের সফরে রংপুরে এসে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “আমাদের কাছে অভিযোগ এসেছে, আনসার সদস্যরা বাধা দিলে অনেক সময় তাদের ওপর বলপ্রয়োগ করা হয়। আমাদের সঙ্গে অনেক মানুষ থাকেন, সবাইকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। সম্প্রতি এমন একটি ঘটনার কারণে আনসার সদস্যরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। ভবিষ্যতে কেউ বলপ্রয়োগ বা ফৌজদারি অপরাধ করলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে।”
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক অবস্থা তুলে ধরে তিনি বলেন, উত্তরাঞ্চলের দরিদ্র, নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত মানুষের চিকিৎসার প্রধান ভরসা এই হাসপাতাল। তবে দীর্ঘ ১৭ বছর ধরে দেশের অন্যান্য প্রতিষ্ঠানের মতো এখানেও অব্যবস্থাপনা, দুর্নীতি ও অবহেলার প্রভাব পড়েছে।
স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, জনগণের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগে বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। জনবল সংকট দূর করে হাসপাতালের সেবার মান আরও উন্নত করা হবে।
তিনি জানান, আগামী দুই মাসের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যমান ১০টি আইসিইউ বেডের সঙ্গে আরও ১০টি যুক্ত করা হবে। ফলে হাসপাতালটিতে মোট ২০টি আইসিইউ বেড চালু থাকবে।
অস্ত্রোপচার সেবার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে আসাদুল হাবিব দুলু বলেন, অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞের সংকটের কারণে সব সময় অপারেশন চালানো সম্ভব হয় না। এতে অনেক রোগী জীবনঝুঁকিতে পড়েন। এ সমস্যা সমাধানে সার্বক্ষণিক অস্ত্রোপচারের ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
লাশবাহী অ্যাম্বুলেন্সে অনিয়ম বন্ধে তিনি জানান, সব লাশবাহী অ্যাম্বুলেন্স তালিকাভুক্ত করা হবে। কিলোমিটারভিত্তিক ভাড়ার হার নির্ধারণ করে চার্ট তৈরি করা হবে এবং চালানের মাধ্যমে বিল পরিশোধের ব্যবস্থা চালু করা হবে।
হাসপাতালের নিরাপত্তা জোরদার করারও আশ্বাস দেন মন্ত্রী।
রিপোর্টারের নাম 


















