বরিশালজুড়ে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। বুধবার ভোরের আলো ফোটার সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে এই দিবসের শুভ সূচনা হয়। এরপর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ের সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি জানানো হয় গভীর শ্রদ্ধা।
বিভাগীয় প্রশাসনের পক্ষে বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন, রেঞ্জ ডি আই জি মো. মোস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার, জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষ স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকেও শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো হয়। বেলা বাড়ার সাথে সাথে মানুষের ঢল নামে স্মৃতিসৌধে, ব্যক্তিগতভাবেও অনেকে ফুল নিয়ে এসে শহীদদের স্মরণ করেন। আগতদের অনেকেই বলেন, নতুন প্রজন্মের মাঝে এই দিবসের তাৎপর্য তুলে ধরা অত্যন্ত জরুরি। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে একটি উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।
এছাড়াও নগরীর ৩০ গোডাউন বদ্ধভূমিতেও প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের স্মরণ করা হয়। সকাল ৮টায় বরিশাল বেলস্ পার্ক মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে সালাম প্রদর্শন করেন বিভিন্ন বাহিনীর সদস্যরা। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























