সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি। একটি গণতান্ত্রিক সমাজে মানুষের মতের ভিন্নতা, ধর্মের পার্থক্য এবং রাজনৈতিক চিন্তার বৈচিত্র্যকে সৌন্দর্য হিসেবে উল্লেখ করে তিনি এই ঐক্যের ওপর জোর দেন।
বুধবার (২৫ মার্চ) রাতে নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দে মহাষ্টমী পুণ্যস্নান উপলক্ষে আয়োজিত এক ধর্মীয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, একটি বিধ্বস্ত দেশের দায়িত্বভার গ্রহণ করে তারেক রহমানের নেতৃত্বে তারা দেশ গঠনে কাজ করছেন। প্রধানমন্ত্রীসহ সংসদ সদস্য ও মন্ত্রীরা শপথ গ্রহণের পর থেকে নিরলসভাবে দলবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।
মন্ত্রী মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে বলেন, পৃথিবীর বিভিন্ন স্থানে যখন হানাহানি, যুদ্ধ ও অশান্তি চলছে, তখন বাংলাদেশ একটি শান্তিপূর্ণ, সহনশীল ও সংস্কৃতিমনস্ক দেশ হিসেবে নিজেদের গড়ে তুলতে চায়। তিনি বাংলার সমৃদ্ধ ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, একসময় জ্ঞান-বিজ্ঞান ও সমৃদ্ধির জন্য সারা বিশ্বের মানুষ বাংলায় আসতো। পর্যটক ইবনে বতুতার ভ্রমণকথাতেও এই ভূখণ্ডের ঐশ্বর্য ও সৌন্দর্যের কথা উল্লেখ আছে।
অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী আরও বলেন, সঠিক নেতৃত্ব পেলে বাংলাদেশ তার হারানো গৌরব ফিরিয়ে আনতে সক্ষম হবে। তিনি একটি নতুন সম্ভাবনাময় বাংলাদেশ গড়তে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন, যেখানে হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষ তাদের পাশে আছে। মন্ত্রী তাদের সমর্থনের প্রতি কৃতজ্ঞতা জানান এবং তাদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা পুনর্ব্যক্ত করেন।
লাঙ্গলবন্দকে ঘিরে উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, লাঙ্গলবন্দ বাংলাদেশের প্রাচীন ঐতিহ্যের অংশ এবং এটিকে আরও উন্নত ও আকর্ষণীয় করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. নজরুল ইসলাম আজাদ, সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
রিপোর্টারের নাম 

























