সরাসরি নির্বাচনের পরিবর্তে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগকে গণতন্ত্রের ওপর আঘাত হিসেবে অভিহিত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। বুধবার দিনাজপুরে আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, জনগণের ম্যান্ডেট ছাড়া প্রশাসক নিয়োগ গণতান্ত্রিক ধারার পরিপন্থী।
মাওলানা আবদুল হালিম সরকারের ইতিবাচক কাজের প্রশংসা করার পাশাপাশি দেশবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক সংগঠন। তাই জয়-পরাজয় বড় কথা নয়, বরং ধৈর্য ধরে জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে।
সমাবেশে তিনি দাবি করেন, দেশে জামায়াতের বিশাল জনসমর্থন রয়েছে। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে সংগঠনের স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
রিপোর্টারের নাম 

























