লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আব্দুর রহিম (৫৫) নামে এক পথচারী গুলিবিদ্ধ এবং সাইফুল ইসলাম মানিক (১৯) নামে একজনকে পিটিয়ে আহত করা হয়েছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের আফজাল রোডের মোড়ে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রাম ও শেখপুর গ্রামের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সোমবার ঝামেলা হয়। এর জের ধরেই মঙ্গলবার সন্ধ্যায় উভয়পক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। দেওপাড়া গ্রামের নেতৃত্বে ছিলেন রাকিব পাটওয়ারী এবং শেখপুর গ্রামে মিতুল নামে একজন নেতৃত্ব দেন। জানা গেছে, রাকিবের লোকজন অস্ত্রধারী ছিল এবং তিনি হত্যা ও অস্ত্র মামলার আসামি।
সংঘর্ষের সময় আব্দুর রহিম নামে এক পথচারী গুলিবিদ্ধ হন এবং মানিককে এলোপাতাড়ি চেইন দিয়ে পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সালাম সৌরভ জানান, আব্দুর রহিমের বাম পায়ে গুলির আঘাত রয়েছে এবং তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মানিককে হাসপাতালে ভর্তি রেখে পর্যবেক্ষণে রাখা হবে।
চন্দ্রগঞ্জ থানার ওসি মোরশেদ আলম বলেন, গোলাগুলির খবর পাওয়া গেছে। তিনি ছুটিতে থাকায় বিস্তারিত জানাতে পারেননি।
রিপোর্টারের নাম 

























