বগুড়ার শেরপুরে ঢাকা–বগুড়া মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি যাত্রীবাহী কোচের ধাক্কায় শাহজাহান আলী (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত পৌনে ৮টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হাওয়াখানা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান আলী একই ইউনিয়নের শেরুয়া বটতলা এলাকার বাসিন্দা ছিলেন।
স্থানীয়রা জানান, শাহজাহান আলী মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় বগুড়াগামী একটি দ্রুতগতির কোচ তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পরপরই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লাশটি শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বখতিয়ার উদ্দিন বলেন, দুর্ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আইয়ুব আলী জানান, রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি বাস শাহজাহান আলীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
রিপোর্টারের নাম 



















