বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এই বৃষ্টি হতে পারে। একই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে যে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, একটি গভীর নিম্নচাপ পশ্চিম মধ্য ছত্তিশগড় এবং তৎসংলগ্ন এলাকা থেকে পশ্চিম দিকে অগ্রসর হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে এবং বর্তমানে বিদর্ভ ও তৎসংলগ্ন দক্ষিণ মধ্যপ্রদেশ এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্য প্রদেশ, নিম্নচাপের কেন্দ্রস্থল, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বাংলাদেশে মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।
শুক্রবার সকালে ঢাকায় বাতাসের গতিবেগ ছিল দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুর বিভাগের সৈয়দপুরে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং শুক্রবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় শুক্রবার সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে এবং শনিবার সূর্যোদয় হবে ৫টা ২৮ মিনিটে।
রিপোর্টারের নাম 



















