দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনী রাতভর বড় ধরনের হামলা চালিয়েছে। এতে একের পর এক বিকট বিস্ফোরণে পুরো অঞ্চল কেঁপে ওঠে বলে জানিয়েছে লেবাননের জাতীয় বার্তা সংস্থা (এনএনএ)। ইয়োহমোর আল-শকিফ, আরনুন ও কফর তেবনিত এলাকায় মধ্যরাতে ইসরাইলি হামলার পর শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এই বিস্ফোরণের কম্পন দূরবর্তী এল-খাররুব ও খালদে এলাকাতেও অনুভূত হয়েছে। মারজাইউন জেলায় অবস্থিত ঐতিহাসিক বিউফোর্ট দুর্গের কাছাকাছি এলাকাতেও তীব্র বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাশের কুলাইয়া শহরের বহু বাড়ির জানালার কাচ ভেঙে যায় এবং কিছু বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণের তীব্র অভিঘাতে পুরো এলাকা কেঁপে ওঠে এবং চারদিকে বারুদের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে।
এনএনএ আরও জানিয়েছে, টাইর জেলার আল-মানসুরি ও বেইউত আল-সাইয়্যাদ এলাকার উপকণ্ঠে ভারী মেশিনগান দিয়ে গুলি চালিয়েছে ইসরাইলি বাহিনী। পাশাপাশি আল-মানসুরি এলাকায় ভারী কামানের গোলাও নিক্ষেপ করা হয়। এ ছাড়া বিনতে জুবেইল জেলার বারাআশিত পাহাড় থেকে আইনাতা এলাকার দিকে ইসরাইলি ট্যাংকের বহর এগোতে দেখা গেছে। একই সময়ে দেশটির পূর্ব ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় ভারী বিস্ফোরণ এবং তীব্র কম্পন অনুভূত হয়েছে।
রিপোর্টারের নাম 





















