গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় এক ব্যতিক্রমী বিয়ের আয়োজন এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। কাতার প্রবাসী যুবক ইউসুফ আলী সোহেল তার শৈশবের স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে এসেছেন। সোমবার (২২ মার্চ) তিনি সিলেট থেকে বরবেশে হেলিকপ্টারযোগে সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের হামিন্দপুর গ্রামে কনের বাড়িতে পৌঁছান। কনের বাড়ির পাশের মাঠে হেলিকপ্টার অবতরণ করার সাথে সাথেই এলাকায় কৌতূহল ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
হেলিকপ্টার অবতরণের খবর ছড়িয়ে পড়তেই আশপাশের বিভিন্ন গ্রাম থেকে শতশত মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। নারী, পুরুষ, শিশু-বৃদ্ধসহ সব বয়সী মানুষের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠানটি যেন এক মিলনমেলায় পরিণত হয়। অনেকেই জীবনে প্রথমবারের মতো কাছ থেকে হেলিকপ্টার দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এসব দৃশ্য ছড়িয়ে পড়ে ব্যাপক সাড়া ফেলে।
জানা গেছে, বর ইউসুফ আলী সোহেল বিশ্বনাথ উপজেলার পাকিচিরি গ্রামের ইসমাইল আলী চমকের ছেলে এবং তিনি কাতারে ব্যবসা করেন। কনে আবদিয়া আক্তার রুবাইয়া সাদুল্লাপুর উপজেলার হামিন্দপুর গ্রামের নুরে আলম রেজার কন্যা। পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবের আমেজ, যা এলাকাবাসীর কাছে এক অনন্য ও স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। স্থানীয়দের মতে, এ ধরনের ব্যতিক্রমী আয়োজন তাদের এলাকায় আগে কখনো দেখা যায়নি। প্রবাসী সোহেলের এই উদ্যোগ শুধু তার ব্যক্তিগত স্বপ্নপূরণই নয়, বরং পুরো এলাকার মানুষের জন্য হয়ে উঠেছে এক বিশেষ ঘটনা।
রিপোর্টারের নাম 






















