‘নিজেকে জাগিয়ে তুলুন: বিশ্বকে নেতৃত্ব দেওয়ার দক্ষতার সঙ্গে আধ্যাত্মিকতার সমন্বয় সাধন করুন’—এই প্রতিপাদ্য নিয়ে সম্প্রতি ১৪তম ইয়ূথ সামিট করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রাজধানীর ঢাকা কলেজের শহীদ আ ন ম নজিবউদ্দিন খান খুররম অডিটোরিয়ামে দিনব্যাপী এই সামিট অনুষ্ঠিত হয়।
এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সারাদেশের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগের বাছাইকৃত মেধাবী শিক্ষার্থীরা এই সামিটে অংশ নেন। দারসুল কোরআনের মধ্য দিয়ে শুরু হওয়া আয়োজনে স্বাগত ও উদ্বোধনী বক্তব্য দেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। তিনি একবিংশ শতাব্দীর বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় মেধা, নৈতিকতা ও দক্ষতার সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দিতে তরুণদের শুধু একাডেমিক শিক্ষায় সেরা হলেই চলবে না, বরং আধ্যাত্মিক শক্তি ও আধুনিক দক্ষতায় বলীয়ান হতে হবে। দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে আগে নিজেদের পরিশুদ্ধ করতে হবে। তিনি সতর্ক করে বলেন, নীতিহীন মেধাবীরাই সমাজের সবচেয়ে বেশি ক্ষতি করে। তাই দেশ থেকে দুর্নীতি দূর করতে হলে সর্বপ্রথম ‘সরিষার ভেতরের ভূত’ তাড়াতে হবে।
শহীদ আবু সাঈদের বীরত্বের কথা স্মরণ করে জামায়াত আমির বলেন, বুক পেতে দিয়ে ছাত্ররা যে স্বাধীনতা ও অধিকার আদায় করেছে, তা কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না। শহীদদের এই রক্তের প্রতি সম্মান জানিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর ও বৈষম্যহীন দেশ গড়ে তোলার তাগিদ দেন তিনি।
শিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, আগামী দিনের রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে আজকের এই তরুণরাই নেতৃত্ব দেবে। তাই নিজেদের প্রস্তুত করতে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি শতভাগ মনোযোগী হতে হবে। তিনি পশ্চিমা সাংস্কৃতিক আগ্রাসন ও নৈতিক অবক্ষয় থেকে তরুণদের সতর্ক থাকার পরামর্শ দেন।
তিনি আরও বলেন, মোবাইল ফোন, ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার ব্যবহারে শিক্ষার্থীদের অত্যন্ত দায়িত্বশীল হতে হবে। এগুলোকে নিছক সময় নষ্ট বা কুপ্রবৃত্তির তাড়নায় ব্যবহার না করে জ্ঞান অর্জন ও চরিত্র গঠনের হাতিয়ার হিসেবে কাজে লাগানোর ওপর তিনি জোর দেন।
রিপোর্টারের নাম 






















