উপমহাদেশের প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলামের একক বাঁশী সন্ধ্যায় সুরের মূর্ছনায় মুগ্ধ হলেন জাতীয় প্রেস ক্লাবের শ্রোতারা। শ্রাবণ সন্ধ্যার মনোজ্ঞ এই আয়োজন অনুষ্ঠিত হয় শুক্রবার (৩১ জুলাই, ২০২৬) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে, যেখানে সংগীতপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এক সাংস্কৃতিক আবহ তৈরি করে।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। এরপর ক্লাব সভাপতি কবি হাসান হাফিজ ওস্তাদ আজিজুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক কাজী রওনাক হোসেনের সঞ্চালনায় সন্ধ্যা ৭টায় বাঁশী সন্ধ্যাটি শুরু হয়।
এ সময় ক্লাবের ম্যানেজিং কমিটির কোষাধ্যক্ষ বখতিয়ার রানা, সদস্য কাদের গনি চৌধুরী, সৈয়দ আবদাল আহমদ, এ কে এম মহসীন, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেনসহ ক্লাবের সদস্যবৃন্দ, তাদের পরিবার এবং বিপুল সংখ্যক সংগীত পিয়াসী শ্রোতা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে শিল্পী রাগ শ্যাম কল্যাণ পরিবেশন করেন, যা সংক্ষিপ্ত আলাপ ও পরবর্তীতে ঝাপতাল ও তিন তালে নিবদ্ধ গদ দিয়ে আরও সমৃদ্ধ হয়। এরপর তিনি রাগ হংসধ্বনি, রাগ জয়-জয়ন্তী এবং আরও কয়েকটি রাগ সংক্ষেপে বাজিয়ে শোনান। সবশেষে মিশ্র পিলু ও মিশ্র খাম্বাজের ধুন দিয়ে তিনি তার পরিবেশনা শেষ করেন।
বাঁশীর অপূর্ব সুর ও মূর্ছনা শ্রোতাদের হৃদয়ে অনুরণিত হতে থাকে, যখন তারা অনুষ্ঠান শেষে ফিরে যাচ্ছিলেন। এমন একটি ব্যতিক্রমী আয়োজনের জন্য জাতীয় প্রেস ক্লাব কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ জানান উপস্থিত শ্রোতারা।
অনুষ্ঠান শেষে জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে ওস্তাদ আজিজুল ইসলামকে সম্মাননা স্মারক তুলে দেন ক্লাব সভাপতি কবি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এবং ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যরা।
রিপোর্টারের নাম 

























