‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসরের চ্যাম্পিয়ন কিশোরী ফুটবলার স্মৃতি কিসকুর একটি ছোট্ট আকুতি থেকেই শুরু। মায়ের সঙ্গে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ ভাগাভাগি করতে একটি মোবাইল ফোনের ইচ্ছার কথা গণমাধ্যমে জানিয়েছিল সে। সেই আকুতিতে সাড়া দিয়ে সম্প্রতি কিসকুর মায়ের হাতে মোবাইল ফোন ও নগদ অর্থসহায়তা তুলে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে তার জন্য স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থারও ঘোষণা দিয়েছেন তিনি।
রাজধানীর মিরপুরে প্রতিমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা প্রদান করা হয়। প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, স্মৃতি কিসকুর পরিবারের আর্থিক বাস্তবতা বিবেচনায় তার মায়ের জন্য একটি স্থায়ী চাকরির ব্যবস্থা করা হবে, যাতে পরিবারটি স্বাবলম্বী হতে পারে। তিনি আশা প্রকাশ করেন, কিসকু ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনে আরও বড় সাফল্য বয়ে আনবে এবং দেশের জন্য গৌরব বয়ে আনবে।
তিনি আরও জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসরে পুরস্কৃত সব খুদে ক্রীড়াবিদ ও তাদের অভিভাবকদের রাষ্ট্রীয় বাসভবন ‘যমুনা’য় নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে অংশগ্রহণকারী ক্রীড়াবিদ ও তাদের অভিভাবকদের তথ্য সংগ্রহের কাজ চলছে। প্রক্রিয়া শেষ হলে প্রধানমন্ত্রীর সময়সূচি অনুযায়ী নৈশভোজের আয়োজন করা হবে।
রিপোর্টারের নাম 

























