সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি গ্রামে কিছু ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। আগামী বছর আরও কিছু কার্ড বিতরণ করা হবে এবং এভাবে আগামী তিন বছরে সকল সুবিধাভোগী এই কার্ডের আওতায় আসবেন। কৃষক কার্ডও একইভাবে সরবরাহ করা হবে।
শুক্রবার নবাবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার অত্যন্ত মানবিক এবং প্রতিটি মানুষের পাশে থাকবে। এক্ষেত্রে জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার, ওসি আব্দুল কুদ্দুস, উপজেলা প্রকৌশলী হোসেন আলী, জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা, দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা ফাহিম মাসউদ, চরকাই রেঞ্জ কর্মকর্তা আনোয়ারুল ইসলামসহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়াও মন্ত্রী অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন, ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি এবং দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ করেন। তিনি উপজেলা পরিষদ মিলনায়তনের সৌন্দর্যবর্ধন কাজেরও উদ্বোধন করেন।
রিপোর্টারের নাম 






















