নোয়াখালীর হাতিয়ায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে এনসিপি নেতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি অভিযোগ করেন, একটি কথিত ধর্ষণ মামলাকে কেন্দ্র করে এনসিপির শীর্ষ নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়াই বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন।
সোমবার রাতে নোয়াখালী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নাছির উদ্দীন বলেন, মানবিক কোনো ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা অত্যন্ত অনৈতিক। হাতিয়ার ঘটনা নিয়ে যে ‘মিথ্যা ন্যারেটিভ’ তৈরি করা হয়েছে, তা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। তদন্তে যদি প্রমাণিত হয় যে এই ঘটনা সাজানো বা অতিরঞ্জিত, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হবে।
ছাত্রদল সাধারণ সম্পাদক আরও অভিযোগ করেন, হাদি হত্যার মতো স্পর্শকাতর বিষয়কে ভিন্নখাতে প্রবাহিত করতে একটি মহল ষড়যন্ত্র করছে। বিশেষ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নাম জড়িয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা রাজনৈতিক অসততার বহিঃপ্রকাশ। তিনি স্পষ্ট করে বলেন, হাদি হত্যার বিচার ও প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে ছাত্রদল শুরু থেকেই সোচ্চার ছিল, অথচ এখন রাজনৈতিক ফায়দা লুটতে কিছু দল বিষয়টি বিকৃতভাবে উপস্থাপন করছে।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বলেন, কোনো হত্যাকাণ্ড বা অপরাধের বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো সমাজে অস্থিরতা তৈরি করে। জাতীয়তাবাদী ছাত্রদল চায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসুক এবং অপরাধীরা শাস্তি পাক। তবে রাজনীতির নামে যারা ষড়যন্ত্রমূলক প্রোপাগাণ্ডা চালাচ্ছে, তাদের ছাড় দেওয়া হবে না।
রিপোর্টারের নাম 






















