রংপুরের তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আবু বক্কর সিদ্দিক (৬০) নামে এক ব্যক্তি। শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার চিকলী বাজার এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সিদ্দিক উপজেলার কুর্শা ইউনিয়নের ফজলা রহমানের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, জুম্মার নামাজ শেষে তিনি ঈদের জন্য মাংস কিনতে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে চিকলী বাজারে যাচ্ছিলেন। পথে রংপুর-বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সিদ্দিক সড়কে ছিটকে পড়েন এবং বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পরপরই উত্তেজিত জনতা বাসটি আটক করে ভাঙচুর চালায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি আটক করে হাইওয়ে থানায় আনা হয়েছে এবং এর চালককে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 























