যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের ঐতিহ্যবাহী ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের প্রস্তুতির অংশ হিসেবে এক ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) জুমার নামাজের পর পূর্ব লন্ডনের ব্রিক লেইন জামে মসজিদের আতাউর রহমান চৌধুরী কনফারেন্স হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের পক্ষে মোহাম্মদ হরমুজ আলী লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় মসজিদ কমিটির পক্ষ থেকে হামিদুর রহমান চৌধুরী ও হেলাল উদ্দিন বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ সাজ্জাদুর রহমান এবং মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা নজরুল ইসলাম।
মিট দ্য প্রেস অনুষ্ঠানে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা, এনটিভি ইউরোপের পরিচালক মোস্তফা সারোয়ার বাবু, ব্যবসায়ী রফিক হায়দার, কমিউনিটি অ্যাক্টিভিস্ট নজরুল ইসলাম, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুহাম্মদ শাহেদ রাহমান এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আকরামুল হোসেনসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মোহাম্মদ হরমুজ আলী। তিনি জানান, দুই শতাব্দীরও বেশি সময়ের ইতিহাস বহনকারী ভবনটি বিভিন্ন সময়ে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের উপাসনালয় হিসেবে ব্যবহৃত হয়েছে। ১৭৪৩ সালে এটি একটি ফরাসি প্রোটেস্ট্যান্ট গির্জা হিসেবে নির্মিত হয়, পরে এটি মেথডিস্ট চ্যাপেল এবং ১৮৯৮ সালে একটি সিনাগগে রূপান্তরিত হয়। অবশেষে ১৯৭৬ সালে ভবনটিতে প্রতিষ্ঠিত হয় ব্রিক লেইন জামে মসজিদ। তিনি আরও জানান, ঐতিহাসিক ভবনের বেইজমেন্ট একসময় বাণিজ্যিক গুদাম হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে সেখানে নারীদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ২০১০ সালের জানুয়ারিতে নির্মিত মসজিদের দৃষ্টিনন্দন মিনারটি বর্তমানে পূর্ব লন্ডনের অন্যতম পরিচিত স্থাপনায় পরিণত হয়েছে।
লিখিত বক্তব্যে বলা হয়, ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত ব্রিক লেইন জামে মসজিদ ট্রাস্ট এ বছর ৫০ বছরে পদার্পণ করেছে। এই দীর্ঘ পথচলা উদযাপনে কমিউনিটির সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন আয়োজকরা। আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর ব্রিক লেইন জামে মসজিদে দুই দিনব্যাপী সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠিত হবে। এ আয়োজন সফল করতে সবাইকে আন্তরিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
রিপোর্টারের নাম 
























