দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজিব এবং সদস্য গোলাম রব্বানিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মদিনা মার্কেট এলাকায় গরুর মাংসের দাম নিয়ে সৃষ্ট এক তর্কবিতর্কের জেরে নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং একটি পেট্রোল পাম্পে হামলা ও ভাঙচুরের ঘটনায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে মদিনা মার্কেট এলাকায় গরুর মাংসের দাম নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে বিএনপির দুই অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় পাশের নর্থইস্ট পেট্রোল পাম্পে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, বৃহস্পতিবার বিকেলে মদিনা মার্কেট এলাকায় গরুর মাংসের দাম নিয়ে প্রথমে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে উভয় পক্ষ চলে গেলেও রাতে বিষয়টি সমাধানের চেষ্টা করতে গিয়ে পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান এই ঘটনা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কেন্দ্রীয় কমিটি তথ্য যাচাই-বাছাই করে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ায় আজিজ খান সজিব ও গোলাম রব্বানীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। একই সাথে দলের কোনো নেতাকর্মীকে তাদের সাথে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।
রিপোর্টারের নাম 






















