দেশের সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে (টিটিসি) ভাষা শিক্ষা কোর্স পরিচালনার লক্ষ্যে ৯৯ জন অতিথি প্রশিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)। জাপানিজ, ইংরেজি, আরবি, ইতালিয়ান, জার্মান ও কোরিয়ান—এই ছয়টি ভাষায় দক্ষ প্রার্থীরা প্যানেলভুক্ত হওয়ার সুযোগ পাবেন।
মোট ৯৯টি পদের মধ্যে সর্বোচ্চ ৫০ জন নেওয়া হবে জাপানিজ ভাষায়। এছাড়া ইংরেজি ভাষায় ২০ জন, আরবি ও ইতালিয়ানে ৮ জন করে, জার্মানে ৭ জন এবং কোরিয়ান ভাষায় ৬ জনকে নিয়োগ দেওয়া হবে। জাপানিজ, কোরিয়ান, জার্মান ও ইতালিয়ানের জন্য ন্যূনতম এইচএসসি পাসসহ সংশ্লিষ্ট লেভেলের সনদ থাকতে হবে। ইংরেজি ও আরবির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বাধ্যতামূলক।
আগ্রহী প্রার্থীদের বিএমইটির ওয়েবসাইট থেকে ফরম ডাউনলোড করে আগামী ১৮ মার্চের মধ্যে প্রয়োজনীয় নথিসহ ডাকযোগে আবেদন করতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। নিয়োগপ্রাপ্তরা প্রতি ঘণ্টার জন্য ৮০০ টাকা সম্মানী পাবেন। আগামী ৩ ও ১০ এপ্রিল ঢাকার মিরপুরে অবস্থিত কারিগরি শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রিপোর্টারের নাম 

























