শেরপুরের ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলাজুড়ে আকস্মিক শিলাবৃষ্টি ও দমকা হাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ধান ও সবজিচাষিরা। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এই প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে, যা কৃষকদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।
স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, ইফতারের পরপরই আকাশ কালো মেঘে ছেয়ে যায় এবং রাত ৮টার দিকে শুরু হয় দমকা হাওয়াসহ বৃষ্টি। এরপর হঠাৎ করেই ঝিনাইগাতী সদর বাজার, ধানশাইল, মালিঝিকান্দা ইউনিয়নসহ শ্রীবরদী উপজেলার রানী শিমুল, কুড়িকাহানিয়া, গোসাইপুর ও খড়িয়া কাজীর চর ইউনিয়নে তীব্র শিলাবৃষ্টি শুরু হয়।
ভয়েজ অব ঝিনাইগাতীর আহ্বায়ক জাহিদুল হক মনির জানান, এই আকস্মিক শিলাবৃষ্টিতে অনেক ঘরের টিন ছিদ্র হয়ে গেছে। একইসঙ্গে কৃষকদের ধানের জমি ও বিভিন্ন সবজিক্ষেতের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমিন বলেন, ঝড়-বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির ঘটনা ঘটেছে। আমরা এ বিষয়ে তথ্য সংগ্রহের কাজ করছি। কৃষি খাতে ক্ষতির বিষয়টি কৃষি বিভাগ দেখবে এবং কৃষকদের ক্ষতি হয়ে থাকলে কৃষি প্রণোদনার মাধ্যমে সহায়তার সুযোগ থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, যাদের ঘরবাড়ি বা টিনের চালা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় থেকে ফান্ড সাপেক্ষে টিনসহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হবে।
রিপোর্টারের নাম 





















