নোয়াখালীর ভাসানচরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে স্পিডবোটে করে পালানোর চেষ্টাকালে তিন পরিবারের মোট ৯ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। রোববার (২ আগস্ট) বিকেল প্রায় ৪টার দিকে ভাসানচরের ১১২ নম্বর ডিউটি পোস্ট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
দায়িত্বরত আনসার সদস্যরা স্পিডবোটে কয়েকজন রোহিঙ্গার সন্দেহজনক চলাচল লক্ষ্য করলে তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যদের সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করেন। অভিযানে তিন পরিবারের মোট ৯ জন রোহিঙ্গাকে তাদের সঙ্গে থাকা বিভিন্ন মালামালসহ হাতেনাতে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যাটালিয়ন সদস্য সিপাহি মো. আবদুর রহমান এবং পুলিশের নায়েক মো. আজমুল ও কনস্টেবল মো. আবু বকর। আটক ব্যক্তিদের প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে পুনরায় ভাসানচরে ফিরিয়ে নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভাসানচরের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং পুলিশ সদস্যরা সার্বক্ষণিক সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। তাদের সমন্বিত তৎপরতার ফলে পালিয়ে যাওয়ার এ প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছে।
রিপোর্টারের নাম 





















