লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার বাজারে ভয়াবহ আগুনে ২০টি ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করেন ব্যবসায়ীরা। শুক্রবার ভোররাতে এই ঘটনা ঘটে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার ভোররাতে বাজারের ব্যবসায়ী রাসেল হোসেনের মুদি দোকানে শর্টশার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে মুদি, গার্মেন্টস, মোবাইল, ক্রোকারিজ ও কসমেটিক দোকানসহ অন্তত ২০টি ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। আগুনে কোটি টাকার ক্ষতি হয় বলে জানান ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।
ব্যবসায়ীরা জানান, লোন নিয়ে ব্যবসা করছি। মুহূর্তে সব নিঃস্ব হয়ে গেছে। কীভাবে পরিবার বা লোনের টাকা পরিশোধ করবো, সেটা নিয়ে দুশ্চিন্তায় রয়েছি। সরকারিভাবে সহায়তার দাবি জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভয়াবহ আগুনে ২০টি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।’
রামগতি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোকন মজুমদার জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে। তবে ক্ষয়ক্ষতির নিরুপণের কাজ চলছে।
এদিকে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈয়দ আমজাদ হোসেন বলেন, ভয়াবহ অগ্নিকান্ডে বেশ কয়েকটি ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হচ্ছে। এরপর পূর্নবাসনের ব্যবস্থা নেয়া হবে।
রিপোর্টারের নাম 
























