গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটার খাদ দেখতে গিয়ে ট্রাকচাপায় মাসুম (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার ভোর ৪টার দিকে হাটুরিয়াচালা এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। রোববার ভোরের দিকে মাসুম মাটি কাটার একটি খাদ দেখতে গেলে মাটি বোঝাই একটি ড্রাম ট্রাকের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ড এবং প্রশাসনের নজরদারির অভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এদিকে, এই ঘটনায় অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতরা নিহত মাসুমের পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিষয়টি সমঝোতার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন জানান, মাটি কাটার ড্রাম ট্রাকের চাপায় মাসুম নিহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 





















