বরিশালের বাকেরগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিতে বাধা দেওয়ায় স্থানীয় এক বিএনপি নেতা ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে। আহতরা হলেন গারুড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিক হাওলাদার (৪০) এবং তার স্ত্রী মোসা. সালমা বেগম (৩০)। বর্তমানে তারা বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৭টার দিকে উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভান্ডারীকাঠী গ্রামে। হাসপাতাল সূত্রে জানা যায়, হামলাকারী ছাত্রলীগ কর্মী নয়ন হাওলাদার রফিক হাওলাদারের ঘরের পল্লী বিদ্যুতের মিটার থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার চেষ্টা করেন। রফিক হাওলাদার এতে বাধা দিলে এবং অবৈধ সংযোগ দিতে অপারগতা প্রকাশ করলে উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে নয়ন হাওলাদার ও উজ্জ্বল হাওলাদার লাঠি দিয়ে পিটিয়ে রফিককে রক্তাক্ত জখম করেন।
এ সময় রফিকের স্ত্রী সালমা বেগম স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীরা তার শ্লীলতাহানি করে এবং তাকেও মারধর করে আহত করে। স্থানীয়রা চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আক্রমণকারী হিসেবে অভিযুক্ত নয়ন হাওলাদার ভান্ডারকাঠী গ্রামের নজরুল হাওলাদারের ছেলে এবং উজ্জ্বল হাওলাদার একই গ্রামের হানিফ হাওলাদারের ছেলে।
আহত বিএনপি নেতা মো. রফিক হাওলাদার অভিযোগ করেন, অবৈধ বিদ্যুৎ সংযোগ না দেওয়ায় ছাত্রলীগ কর্মী নয়ন হাওলাদার ও উজ্জ্বল হাওলাদার তাকেসহ তার স্ত্রীকে মারধর করেছেন। এ ঘটনায় তিনি থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার কে এম সোহেল রানা জানান, এ ঘটনায় এখনও কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 
























