হবিগঞ্জের লাখাই উপজেলায় পুলিশি হেফাজতে থাকা এক আসামি হ্যান্ডকাফসহ পালিয়ে গেছেন। রুবেল চৌধুরী নামের ওই আসামিকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার সময় শনিবার (১৪ মার্চ) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, রুবেল চৌধুরী লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের সুবিদপুর গ্রামের ছিনু চৌধুরীর ছেলে এবং মারামারির একটি মামলার পলাতক আসামি ছিলেন। শনিবার বিকেলে উপজেলার মোড়াকরি বাজারে তাকে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হলেও, কৌশলে পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যান তিনি।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কৃষ্ণপদ মিত্র জানান, হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল হক মুন্সিও একই কথা জানিয়েছেন। তিনি বলেন, পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ জোরেশোরে কাজ করছে এবং খুব শিগগিরই তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 





















