লেবাননের দক্ষিণাঞ্চলে একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় চিকিৎসক ও নার্সসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই বর্বরোচিত হামলার খবর নিশ্চিত করে জানিয়েছে, নিহতদের মধ্যে চিকিৎসক ও জরুরি সেবাকর্মীরা রয়েছেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দক্ষিণ লেবাননের বুর্জ কালাওইয়াহ গ্রামের একটি হেলথ কেয়ার সেন্টার লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়। হামলায় ভবনটি বিধ্বস্ত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারীরা বর্তমানে সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছেন, ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, লেবাননে চলমান উত্তেজনা শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৭৭৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ১০৩ জন শিশু রয়েছে। এছাড়া এই সহিংসতায় আহত হয়েছেন ১ হাজার ৯০০-এর বেশি মানুষ।
লেবাননের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ লেবাননের পাশাপাশি রাজধানী বৈরুতেও ধারাবাহিকভাবে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। সাম্প্রতিক হামলাগুলো অত্যন্ত ভয়াবহ রূপ নিয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও মানবিক সংকট তৈরি করেছে।
রিপোর্টারের নাম 

























